রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৩


সংসদে প্রশ্নোত্তর

চার বছরে গুম-অপহরণের ঘটনা তিন হাজার ১৫৯টি

বর্তমান সরকারের চার বছরে তিন হাজার ১৫৯টি গুম ও অপহরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। জাতীয় সংসদে গতকাল রোববার টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে সংসদে অনুপস্থিত বিএনপির জয়নাল আবদীনের (ফেনী-২) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
বিকেল পৌনে পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। ওই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ২০০৯ সালের ১ জানুয়ারি থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে দস্যুতা, অ্যাসিড নিক্ষেপ, নারী নির্যাতন, গুম, গবাদিপশু চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, শিশু নির্যাতন ও অপহরণের মতো মোট ৯৮ হাজার ১৮৪টি ঘটনা ঘটেছে। এর মধ্যে গুম ও অপহরণের ঘটনা তিন হাজার ১৫৯টি, নারী নির্যাতনের ঘটনা ৫০ হাজার ৬৬৯টি এবং ধর্ষণের ঘটনা ১২ হাজার ৭৫০টি। সর্বাধিক ৮৫৭টি ধর্ষণ এবং ৫২৯টি গুমের ঘটনা ঘটেছে ঢাকা মহানগর এলাকায়।
চলতি অধিবেশনেও বিএনপির সাংসদেরা যোগ দেননি। বিএনপির শহীদ উদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে মহীউদ্দীন খান জানান, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত রাজনৈতিক, অরাজনৈতিক ও দাঙ্গায় মোট ১৬ হাজার ২৮৫ জন খুন হয়েছে। এর মধ্যে রাজনৈতিক কারণে ৫১ এবং দাঙ্গায় ১৬০ জন খুন হয়েছে। সর্বাধিক এক হাজার ৮৮ জন খুন হয়েছে ঢাকা মহানগর এলাকায়। জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদের প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিক কারণে দেশে কোনো বন্দী নেই।
বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১২ সালে যৌতুকের কারণে নির্যাতন, অ্যাসিড নিক্ষেপ, অপহরণ, ধর্ষণের পর হত্যা বা আহত করা ইত্যাদির শিকার হয়েছেন মোট ১৯ হাজার ৪২২ জন নারী।
বিএনপির এ এম মাহবুব উদ্দিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত চার বছরে রাজনৈতিক সংঘাতে ৫১ জন মারা গেছে। নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, সম্প্রতি মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধ করতে সীমান্তে কাঁটাতারের বেড়া, সার্চলাইট ও ওয়াচ টাওয়ার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। এ ছাড়া মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির শক্তি বাড়ানোর বিষয়টি নীতিগতভাবে অনুমোদন করা হয়েছে।
আনোয়ার হোসেনের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, তিস্তা চুক্তি সম্পাদনের ব্যাপারে বাংলাদেশ-ভারতের সিদ্ধান্ত গৃহীত হয়ে আছে। কিছুটা বিলম্ব হলেও চুক্তিটি সম্পাদিত হবে বলে আশা করা যায়। শহিদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে তিনি জানান, ৪৭টির বেশি দেশের বিভিন্ন কারাগারে বিভিন্ন কারণে চার হাজার ৫৩২ জন বাংলাদেশি আটক আছেন। এর মধ্যে সর্বাধিক ৬৮৩ জন সৌদি আরবে এবং ৫৯৩ জন ভারতের কারাগারে আটক আছেন।
বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়া শরণার্থী শিবিরে মোট ২৫ হাজার ৬৮৮ জন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। এদের জন্য সরকারের বার্ষিক প্রত্যক্ষ ব্যয় পাঁচ কোটি ৫৩ লাখ টাকা।
প্রথম আলো ১১.০২.১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন