বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সিরিয়া :ব্রাহিমি

ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে সিরিয়া :ব্রাহিমি
সমকাল ডেস্ক
সিরিয়া 'ভয়ঙ্কর বিভীষিকাময়' পরিস্থিতিতে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ ও আরব লীগের সিরিয়াবিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি। মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি বলেন, ওই অঞ্চলে মারাত্মক পরিণতি বয়ে আনার পাশাপাশি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে সিরিয়া। সিরিয়ার পশ্চিমাঞ্চলে নতুন করে গণহত্যার প্রমাণ পাওয়ার পরই লাখদার ব্রাহিমি এ মন্তব্য করলেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর বুসতান আল-কাসর জেলার একটি নদীতে প্রায় ৮০টি মৃতদেহ উদ্ধার করেছে সরকারবিরোধীরা। নিহতদের অধিকাংশের হাত পেছনের দিক থেকে বাঁধা এবং মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ছিল। এএফপি, আলজাজিরা এবং বিবিসি অনলাইন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন ব্রাহিমি। তিনি বলেন, 'সবার চোখের সামনেই ধীরে ধীরে ধ্বংস্তূপে পরিণত হচ্ছে সিরিয়া। অথচ এখনও বিশ্ব শক্তিগুলো এ বিষয়ে ঐকমত্যে পেঁৗছতে পারেনি।' কূটনীতিকরা জানিয়েছেন, ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদে লাখদার ব্রাহিমি বলেন, সিরিয়ার বিভীষিকার অপ্রত্যাশিত পর্যায়ে এসে গেছে। এ মুহূর্তে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বিধাবিভক্ত থাকা চলবে না। তিনি বিশ্ব শক্তিগুলোকে সিরিয়ার বিষয়ে একমত হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার | ৩১ জানুয়ারি ২০১৩ |